২৫ জুন ২০১৩ - ১৯:৩০
মিশরে শিয়া মুসলমান হত্যার তীব্র নিন্দা জানালো ইরান

মিশরে শিয়া মুসলমানদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর সালেহি।

বার্তা সংস্থা আবনা : মিশরে শিয়া মুসলমানদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর সালেহি। মিশরের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ কামাল আমরের সঙ্গে টেলিফোন সংলাপে সাম্প্রদায়িক সহিংসতার ভয়াবহ পরিণতির বিষয়ে সতর্ক করে দেন তিনি । সালেহি এ সম্পর্কে বলেছেন, এ ধরনের পদক্ষেপ মিশরে অনিরাপত্তা ও অস্থিতিশীলতা সৃষ্টি করবে। কিছু গোষ্ঠী এ ধরনের তত্পরতা উস্কে দিচ্ছে বলে ইরানি পররাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেন।

গত রোববার সালাফি সম্প্রদায়ের শত শত উগ্র ব্যক্তি গিজা প্রদেশের আবু মুসালাম গ্রামে ঢুকে প্রভাবশালী শিয়া আলেম শেখ হাসান আবু শেহাতার বাড়িতে হামলা চালায়। এর ফলে ওই আলেম ও তার তিন সহযোগী নিহত হন। হত্যার পর তাদের মৃতদেহকে টেনে-হিচড়ে রাস্তায় নিয়ে আসে চরম উগ্রবাদীরা। এসব উগ্রবাদী, তাকফিরি নামে পরিচিত। এরা নিজেদের অনুসৃত পথকেই কেবল ইসলামী পন্থা বলে মনে করে। তাদের দৃষ্টিতে অন্য সব মুসলমানই বিভ্রান্ত।

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোন সংলাপে মিশরের পররাষ্ট্রমন্ত্রী ওই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেছেন, তারা উগ্রবাদীদেরকে ধর্মীয় ও সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে দেয়ার ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেবে না। এর আগে মিশরের প্রধানমন্ত্রী হেশাম কান্দিল বলেছেন, তদন্ত চলছে, অপরাধীদের কঠোর শাস্তি দেয়া হবে।

মিশরের জনসংখ্যার মাত্র এক শতাংশ হচ্ছে শিয়া মুসলমান। ইসলাম বিশেষজ্ঞরা বলছেন, ধর্মবিরোধীরা যখন গোটা বিশ্বে আধিপত্য প্রতিষ্ঠার জন্য উঠেপড়ে লেগেছে, ঠিক তখনি মুসলমানরা মত ও মাজহাবগত ভিন্নতার কারণে পরস্পরকে হত্যা করছে,যা আল্লাহর কাছে মহাপরাধ হিসেবে গণ্য হবে।